‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম
মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, তার প্রয়াত পিতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু সততা, কর্মনিষ্ঠা ও জনসেবার মাধ্যমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার হাত ধরেই রাজনীতিতে আসা এবং মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার অনুপ্রেরণা পাওয়া। তিনি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করার পাশাপাশি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। এছাড়া প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনে তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবনে অনুপ্রেরণা ও উৎসাহ জোগানোই ছিল এই জমকালো আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা।
