দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার বিওসি মোড় ওয়াপদা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- দোহাজারী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড দাশপাড়ার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর এবং একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে বাবুল দে প্রকাশ বালি।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী। তারা হচ্ছেন- ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস। প্রাইভেটকারের যাত্রী মিরাজ, জেরিন আফরোজ, ইসলাম ও মশিউর রহমান। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ সালাহ উদ্দীন চৌধুরী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি অটোরিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটির পেছনে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ অটোরিকশা ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় রিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ সালাহ উদ্দীন চৌধুরী যুগান্তরকে জানান, প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আরও ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুইটি গাড়িই জব্দ করা হয়েছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
