খেলনার প্রলোভনে শিশুদের গহনা নিয়ে যাচ্ছে এক নারী
Advertisement
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চান্দিনায় খেলনা ও মোবাইলের প্রলোভন দেখিয়ে কন্যা শিশুদের বাড়ির পাশ থেকে নিয়ে যাচ্ছে এক নারী ছিনতাইকারী। বাড়ি থেকে ২-১ কিলোমিটার দূরে নির্জন স্থানে নিয়ে ওই কন্যা শিশুদের কানে ও গলায় থাকা স্বর্ণ বা রূপার গহনা ছিনিয়ে নিচ্ছে। গত এক মাসে চান্দিনা পৌরসভা ও এতবারপুর ইউনিয়নে চারটি ঘটনা ঘটে।
আর সেগুলোর পর্যালোচনা করে দেখা গেছে- এক নারী ছিনতাইকারী একাই এ কাজে লিপ্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগীদের পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা।
জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী উত্তরপাড়া এলাকা থেকে তিন শিশুকে খেলনার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশ থেকে অটোরিকশাযোগে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়। ছায়কোট হোরেরপাড় রাস্তার একটি নির্জন স্থানে নিয়ে শিশু সামিয়া ইসলামের (১০) কান থেকে স্বর্ণের দুল, শিশু সায়মা ইসলামের (৯) গলা থেকে রূপার চেইন ছিনিয়ে নেয়।
শিশুর সামিয়া ইসলামের পিতা শরীফুল ইসলাম জানান, সকালে বাড়ির সংলগ্ন দোকানের সামনে খেলা করছিল তারা। এ সময় বোরকা পরিহিত একটি নারী দোকান থেকে খেলনা কিনে বাচ্চাদের দেয় এবং মোবাইলে শিশুদের আকৃষ্ট করার ভিডিও দেখিয়ে একটি অটোরিকশাযোগে ছায়কোট নিয়ে যায়। সেখানে রিকশা থামিয়ে পায়ে হেঁটে একটি নির্জন সড়কে নিয়ে তাদের কাছ থেকে গহনাগুলো ছিনিয়ে নেয়।
এর আগের দিন বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রাম থেকে একই কৌশলে এক কন্যাশিশুকে নিয়ে এতবারপুর ইউনিয়ন পরিষদের সামনে এনে তার কানের দুল ছিনিয়ে নেয়।
১৮ মার্চ (বুধবার) হারং গ্রামের সেলিম কমিশনার বাড়িসংলগ্ন একটি বাড়ি থেকে জসিম ও মহসিনের দুই শিশু কন্যাকে একই কৌশলে নিয়ে যায়। পরে একই গ্রামের বারেক ডাক্তারের বাড়ির পাশে নিয়ে গিয়ে এক শিশুর কানের দুল খুলে নিয়ে যায়।
শিশুটির দাদা খোকন মিয়া জানান, আমার ১১ বছরের নাতনি ২ বছরের একটি শিশুকে কোলে নিয়ে বাড়িতে ছিল। এ সময় বোরকা পরিহিত এক নারী বাড়ির পাশে আমাদের দোকানে এসে চিপস, ডাল ভাজার একটি প্যাকেট আমার কাছে রেখে বলে- ‘এগুলো একটু রাখেন, আমি মোবাইলে টাকা রিচার্জ করে আসছি’। এই বলে আমার বাড়িতে ঢুকে দুই নাতনিকে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে বারেক ডাক্তারের বাড়ির পাশে নিয়ে আমার বড় নাতনির কানের দুল খুলে নিয়ে যায়। সিসি ক্যামেরায় ভিডিও আছে।
১৩ ফেব্রুয়ারি এতবারপুর গ্রামের কামাল হোসেনের ১০ বছরের শিশু মেয়েকে বাড়ির পাশ থেকে নিয়ে স্বর্ণের কানের দুল খুলে নেয়।
এদিকে ভুক্তভোগী চার পরিবারের শিশুদের সঙ্গে কথা বলে এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- বোরকা পরিহিত এক নারী এ কাজ করে চলেছে। দ্রুত তাকে আইনের আওতায় আনতে না পারলে আরও অনেক শিশু তার শিকার হবে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, এসব ঘটনায় কেউ আমাকে লিখিত বা মৌখিকভাবে অবহিত করেনি। দ্রুত বিষয়টি যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
