অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ২
Advertisement
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অবৈধভাবে ট্যাংকলরিতে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জে দুইজনকে গ্রেফতার করেছে প্রশাসন। এ সময় প্রায় ১৩ হাজার ৫শ লিটার ডিজেলসহ দুটি ট্যাংকলরি ও ফিলিং স্টেশনের মিটার জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিন।
অভিযানের সময় দেখা যায়, দুটি ট্যাংকলরি স্থাপন করে তাতে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থি।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জড়িত দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) এবং বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। অভিযানকালে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় দুটি ট্যাংকলরি জব্দ করা হয়। লরিগুলোতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত ছিল। এছাড়া দুটি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়। জব্দ করা ট্যাংকলরিগুলো সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, ট্যাংকলরি ও মজুতকৃত ডিজেল থানায় আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
