অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাই
Advertisement
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ধান গবেষণা এলাকার কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুর জেলা পুলিশের একটি সংবাদ সম্মেলন শেষে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে জয়দেবপুর রেললাইন এলাকা থেকে অটোরিকশাযোগে রওনা হন কোনাবাড়ী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও এসএ টেলিভিশনের চিত্র সাংবাদিক রেজাউল করিম। পথিমধ্যে ধান গবেষণা এলাকার কাছে পৌঁছলে অটোরিকশার সামনে বসা দুই ব্যক্তি হঠাৎ গাড়ি থামাতে বাধ্য করে।
গাড়ি থামার সঙ্গে সঙ্গেই সামনে থাকা দুজন নেমে এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক রেজাউল করিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত পান সাংবাদিক রেজাউল করিম। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক রেজাউল করিম রেজা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার ওসি আমিনুল ইসলাম। তিনি মোবাইল ফোনে জানান, এখন পর্যন্ত কোনো আপডেট নেই, দিনের বেলায় আপডেট পাওয়াটা খুবই কঠিন, তবে আমরা এ বিষয়ে কাজ করতেছি।
ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম রেজা বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাই আমি নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
