চাঁদার দাবিতে ‘ভাগিনা’ বাহিনীর হামলা-লুট
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় কথিত ‘ভাগিনা’ বাহিনীর বিরুদ্ধে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গার্মেন্টসের ঝুটভর্তি ভ্যানগাড়ি লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনায় ব্যবসায়ী সুমন আহম্মেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির ভাগিনা সিফাত। তার একটি কিশোরগ্যাং রয়েছে। আর এ গ্যাংয়ের নাম রাখা হয়েছে ‘ভাগিনা’ বাহিনী। এ বাহিনী মাসদাইর শাসনগাও বিসিক এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেন।
রনির ভাগিনা হওয়ায় সিফাত ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে পারে না।
সম্প্রতি গার্মেন্টসের ঝুট দখলে নিতে রনি ও তার সমর্থকরা ফতুল্লার চাঁদনী হাউসিং এলাকায় ব্যাপক গোলাগুলি করেন। এতে শিশুসহ দুজন আহত হয়। এরপর থেকে ভাগিনা বাহিনী আরও তৎপর হয়ে উঠে।
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুমন আহম্মেদ বলেন, তিনি গার্মেন্টসের ঝুটের মালামালের ব্যবসা করেন। গত বৃহস্পতিবার বিকালে ফতুল্লার বিসিক ৩নং গেট এলাকায় তার অফিসে ভাগিনা সিফাত ও তার বাহিনীর সোহেল, শান্ত, হাসান ও জিসানসহ ১০-১৫ জন আসেন। এসেই সিফাত বলেন, এলাকায় ব্যবসা করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। সবাই দেয় তোমাকেও দিতে হবে। তখন সুমন বলেন, বৈধভাবে ব্যবসা করি চাঁদা দিতে পারব না। এতে তারা ক্ষিপ্ত হয়ে এদিন বিকালেই বিসিকের কাছ থেকে গার্মেন্টসের ঝুটভর্তি ভ্যানগাড়ি লুট করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগের তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

