|
ফলো করুন |
|
|---|---|
নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের শিলের আঘাতে মা শাহীদা বেগমের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ রাতেই ছেলে আরিফ হোসেনকে আটক করেছে।
নিহত শাহীদা বেগম ওই এলাকার প্রয়াত শরিফুল হুদা স্টারের স্ত্রী।
আটক আরিফ হোসেনের চাচাতো ভাই বিদ্যুৎ হোসেন ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফ একজন বাকপ্রতিবন্ধী। তিনি প্রায়ই বিভিন্ন কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন এবং মারপিট করতেন। মাকে মারপিট করলে তার মামারা এসে আরিফকে বাড়িতে বেঁধে রাখত। রোববারও সে বাধা অবস্থায় ছিল। ছেলের কষ্ট দেখে মা তার বাঁধন খুলে দেন। এ সময় মামারা কেন আরিফকে বেঁধে রাখে- এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে শিলপাটার পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা শাহীদা বেগম মারা যান।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকপ্রতিবন্ধী আরিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
