টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা দেওয়ায় শিক্ষক বরখাস্ত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদর উপজেলার ৯৩নং শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’ তথা টিফিনের সময় শিক্ষার্থীদের কাঁচা কলা খেতে দেওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে সহকারী শিক্ষক গোলাপী বেগমকে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দীনের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফরিদপুর সদর উপজেলার ৯৩ নং শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপী বেগম গত ২৫ এপ্রিল-২০২৬ তারিখ স্কুল ফিডিংয়ে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করে ২৬ এপ্রিল-২০৬ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ এর (খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষককে বিধি-১২ এর বিধান মতে ২৮ এপ্রিল-২০২৬ থেকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
