ফেসবুকে ‘উড়াল দেব আকাশে’ স্ট্যাটাস, অতঃপর...
Advertisement
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:০৬ পিএম
ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দার। ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) ফেসবুকে রহস্যজনক একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজের ঘটনায় তার মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢাল এলাকায় শহিদুল ইসলামকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার জানায়, প্রায় ছয় মাস আগে শহিদুল ইসলাম বিয়ে করেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি শহরের সবুজবাগ এলাকার শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে সময় কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে মায়ের জন্য ওষুধ, হলুদ ও মরিচের গুঁড়া কিনে আনেন।
শহিদুলের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, বাসায় ফিরে তিনি পরিচিত মোটরসাইকেলচালক বাবুকে ফোন করে ডাকেন। পরে নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে রেখে বাড়ি থেকে বের হন।
পরিবারের ধারণা, ফেসবুকে ‘উড়াল দেব আকাশে’ স্ট্যাটাস দেওয়ার পরই তিনি বেরিয়ে যান।
পরে মোটরসাইকেলচালক বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, শহিদুল রাত সাড়ে ৭টার দিকে লোহালিয়া সেতুর ঢালে নেমে তাকে ভাড়া পরিশোধ করে বিদায় দেন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোহরাব হোসেন বলেন, সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন এবং এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। পারিবারিক জীবনেও কোনো জটিলতা ছিল না।
পরিবারের দাবি, শহিদুল ইসলাম শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার হঠাৎ নিখোঁজ হওয়ার কারণ তারা বুঝতে পারছেন না।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্বেচ্ছায় কোথাও চলে যেতে পারেন অথবা পারিবারিক কোনো বিষয় এর সঙ্গে জড়িত থাকতে পারে।

-69fcb4810be74.jpg)