বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার
Advertisement
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
কলাপাড়া থানা
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়েছিল ১০ মাসের শিশু রাইয়ান। সেখান থেকে নিখোঁজ হয়েছে শিশুটি। আলোচিত এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা।
বৃহস্পতিবার রাতে ওই শিশুর মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তার ভগিনীপতি আল আমিনকে (৪০) প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আল আমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খান তার শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে উঠান লেপা ও ঝাড়ামোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে ঘরের ভেতর আল আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর শিশুটি নিখোঁজ হয়।
পারিবারিক বিষয় নিয়ে আল আমিন ও রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আল আমিন এর আগেও শিশু রাইয়ানকে অপহরণের হুমকি দিয়েছিলেন।
বৃহস্পতিবার ভোরে ৩ থেকে ৪ জন সহযোগী নিয়ে তিনি শিশুটিকে অপহরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
