দ্বিতীয় পদ্মা সেতুর জন্য দোয়া চাইলেন প্রতিমন্ত্রী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫১ পিএম
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ১৩ মে একনেকের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই সভায় পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু ও রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে নতুন আরেকটি উপজেলা গঠনের সিদ্ধান্তের কথা জানিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে দোয়া চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি দোয়া চান।
জানা গেছে, আগামী ১৩ মে একনেকের সভায় যেন পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রকল্প পাশ হয়। দীর্ঘদিন এই দুইটি বিষয়ে জেলার মানুষেরা আন্দোলন করে আসছে। পদ্মা ব্যারেজের প্রকল্প পাশ হলে রাজবাড়ী জেলার চেহারা পাল্টে যাবে। এছাড়াও রাজবাড়ী রেলওয়ে ওয়ার্কশপ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ও রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে পৃথক উপজেলার দাবি জানিয়েছেন রাজবাড়ীর মানুষ।
এলাকাবাসী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে শহীদওহাবপুর, খানখানাপুর, বসন্তপুর, সুলতানপুর, মূলঘর ও আলীপুর এই ৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার দাবি জানিয়ে আসছিলেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, সম্প্রতি সুলতানপুর ইউনিয়নের একটি বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত বন্ধ করতে ঘটনাস্থলে আমাদের পৌঁছতেই ৩০ মিনিটের বেশি সময় লেগে যায়। এ রকম অনেক ঘটনা আছে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গেলে সদর উপজেলা থেকে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ে। সুলতানপুর, বসন্তপুর, শহীদওহাবপুরসহ এমন কয়েকটি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলার প্রয়োজনীয়তা আছে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে অনেক চাপে থাকতে হয়। এমনকি ত্বরিতগতিতে যেকোনো কাজ সামাল দিতে অনেক বেগ পোহাতে হয়। এক্ষেত্রে সদর উপজেলা থেকে সবচেয়ে দূরবর্তী পাশাপাশি অবস্থিত এমন ৫-৬টি ইউনিয়নের সমন্বয়ে পৃথক উপজেলা করা যায় কিনা প্রস্তাব উত্থাপনের সঙ্গে সবার একমত পোষণ করেন।
প্রতিমন্ত্রী মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে মাদক নির্মূলে জেলা প্রশাসককে শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানান।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, সিভিল সার্জন এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক প্রমুখ।
পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে আরেকটি উপজেলা গঠন এবং দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে রেজুলেশনে সিদ্ধান্ত গৃহীত হয়।
