সোনারগাঁয়ে ট্রাকচাপায় ভূমি কর্মকর্তা নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর মিরেরটেক বাজার এলাকায় ট্রাকচাপায় এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল আড়াইহাজারে যাচ্ছিলেন। পথে এশিয়ান হাইওয়ের সোনারগাঁয়ের মিরেরটেক বাজার এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. শামীম শেখ জানান, মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক ট্রাকচালককে শনাক্ত করা যায়নি। তবে ট্রাক ও নিহতের মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
