কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় আধুনিক নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ আ্যপ চালু করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উদ্যোগে অ্যাপটি চালু করা হয়। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্যান্যরা।
কুসিক জানায়, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করার মাধ্যমে নগরবাসী সহজেই তাদের স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের মহল্লার যে কোনো নাগরিক সমস্যা, যেমন— সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক সংস্কারসংক্রান্ত অভিযোগ ছবি বা বিবরণসহ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই কুসিকের সংশ্লিষ্ট বিভাগ সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আ্যপের মাধ্যমে নাগরিকদের যে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিক ভোগান্তি বা সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
