কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত জেলার ১৮ থানা এবং ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। এতে এসব সন্দিগ্ধ অপরাধীকে আটক করা হয়। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
জেলা পুলিশ জানায়, সম্প্রতি জেলায় গ্যাং কালচার দমনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। এরই মাঝে একাধিক অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশ কিশোর অপরাধ প্রবণ এলাকা গুলোতে অভিযান পরিচালনা করে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, পূর্বের মামলা, অভিযোগ এবং স্থানীয়ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এবং সরাসরি অংশগ্রহণে কুমিল্লা জেলার কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাত ৭টা থেকে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
