মানিকগঞ্জে শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে মায়ের করুণ মৃত্যু
Advertisement
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সাটুরিয়ায় শিশুকে ডাক্তার দেখাতে এসে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের বারবরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপা (২২) উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের চামুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী মো. রকি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পাইপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। স্বামী বিদেশে থাকায় রূপা বাবার বাড়িতেই বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রূপা তার ১৫ মাস বয়সি ছেলে রোহানকে অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে দেখানোর জন্য সাটুরিয়ায় আসেন। চিকিৎসা শেষে টলি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে সাটুরিয়া-বারবরিয়া আঞ্চলিক সড়কের সাটুরিয়া মডেল মাদ্রাসার সামনে পৌঁছলে অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
