‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহীন হোসেনের বাসায় গভীর রাতে দলবল নিয়ে ঢুকে তাকে মারধর, বাসায় ভাঙচুর, টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা ও বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নগরের মোঘলটুলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার ও সিলেট মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এ ঘটনা ঘটিয়েছেন।
ভুক্তভোগী কর্মকর্তা শাহীন হোসেন জানান, মাত্র দেড় মাস হলো তিনি সিলেটে যোগদান করেছেন। গত ১২ অক্টোবর রাত ৩টার দিকে অভিযুক্ত জাহাঙ্গীর তার বন্ধু সুমন, বড় ভাই ইকবালসহ দলবল নিয়ে এসে বাসার দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা জোরপূর্বক ভেতরে ঢুকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সিলেটে চাকরি করতে হলে বিপুল পরিমাণ টাকা দিতে হবে বলেও দাবি জানায় তারা।
এ ঘটনায় জেলা প্রশাসকের পরামর্শে এসএমপির কোতোয়ালি মডেল থানায় একটি অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই প্রকৌশলী।
তবে গভীর রাতে বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করলেও চাঁদা দাবি ও মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ঠিকাদার জাহাঙ্গীর আলম। তিনি দাবি করেন, গভীর রাতে গাড়ি থেকে নামায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হয়েছিল। সেই সন্দেহ নিরসনেই এলাকার মুরুব্বিদের সঙ্গে নিয়ে খোঁজ নিতে যাওয়া হয়েছিল। পরদিন দপ্তরে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসানও হয়েছে।
তবে কার্যালয়ে বসে বিষয়টি মীমাংসা হওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান।
সার্বিক আইনি পদক্ষেপের বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির জানান, অনলাইনে করা জিডিটি বাতিল করে ভুক্তভোগী প্রকৌশলীকে দাপ্তরিক পরামর্শক্রমে নিয়মিত মামলা বা লিখিত এজাহার দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। তাকে গ্রেফতার করে সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত নেতার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
