টাঙ্গাইলে ১৪ ঘণ্টায়ও বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:২৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল শহরসহ বিভিন্ন এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে ১৩২ কেভির সঞ্চালন লাইন বন্ধসহ নানা কারণে ১৪ ঘন্টায় বিদ্যুৎ স্বাভাাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও বাসা বাড়ির লোকজন। দুর্ভোগ লাঘবে উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় প্রবল বেগে ঝড়, বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়। এতে কোথাও শহরের বৈল্লা অফিসে বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে, কোথাও বড় বড় গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ফলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ১৪ ঘন্টায়ও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। এতে চিকিৎসাসেবা ব্যাহতসহ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এছাড়াও বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় ফ্রিজের খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে। বিভিন্ন শিল্প কলকারখানার মতো বাসা বাড়ির গৃহাস্থালীর কাজেও বেগ পোহাতে হয়েছে।
পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার বাসিন্দা রুস্তম আলী বলেন, রাত থেকে বিদ্যুৎ আসেনি। এতে সকালে পানির অভাবে গোসলও করতে পারিনি। ছোট ছেলে মেয়ে নিয়ে গরমে কষ্ট হচ্ছে।
একই এলাকার ব্যবসায়ী উজ্জল মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। স্বাভাবিক বিক্রিও হচ্ছে না। কাগমারার বাসিন্দা শাকিল আহমেদ বলেন, বিদ্যুৎতের অভাবে মোবাইলের স্বাভাবিক নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এছাড়াও ফ্রিজের মাছ নষ্ট হচ্ছে।
যুগনি গ্রামের যুবক সুজন মিয়া বলেন, মোবাইল চার্জ দিতে না পারায় ফোন বন্ধ হয়ে রয়েছে। এছাড়াও বিদ্যুতের অভাবে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।
তবে দ্রুতই বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পিডিপির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম।

