Logo
Logo
×
   

সারাদেশ

চরফ্যাশনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

চরফ্যাশনে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমান আফরোজ।

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করেছে চরফ্যাশন উপজেলা ভূমি অফিস। 

মঙ্গলবার (১৯ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমান আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইউএনও রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। ফলে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন।

তিনি আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী হয়রানি মুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

মেলায় ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠপর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও থাকবে। এসব স্টলে নাগরিকদের জন্য পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

মেলা উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং স্থানীয়দের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় কেবল নেটওয়ার্ক, মাইকিং ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ ভূমিসেবা ভ্যানের মাধ্যমেও জনগণকে সেবা ও তথ্য দেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ সারা দেশের মতো চরফ্যাশনেও ভূমিসেবায় অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .