সড়কে পড়েছিল মাছ বিক্রেতার লাশ
Advertisement
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়ায় তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আনোয়ার হোসেন (৫৮) নামের এক শুঁটকি মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ সড়কে পড়ে থাকাবস্থায় তার লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর আমানপাড়া সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে হেঁটে হেটে মাছ বিক্রি করতে বের হন আনোয়ার হোসেন। এরই মধ্যে বেলা ১১টার দিকে তিনি চকরিয়া পৌরসভার আমানপাড়া রাস্তা অতিক্রম কালে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সড়কে চলাচলরত লোকজন মাছের ভাড়সহ এক বৃদ্ধ লোককে পড়ে থাকতে দেখে। পরে তারা মৃত্যুর বিষয়টি আঁচ করতে পেরে থানা পুলিশকে খবর দেন। পরে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছেন।
তিনি বলেন, পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি। তিনি বলেন, আনোয়ার হোসেন দুইবছর আগে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা জালিয়াপাড়া এলাকায় বসবাস করতেন। এখন অবশ্য পরিবার নিয়ে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বসবাস করছেন। সেখান থেকে তিনি প্রতিদিন মাছ বিক্রি করতে আসতেন গ্রামীণ এলাকায়।
