Logo
Logo
×
   

সারাদেশ

পরীক্ষার ফাঁকে নির্মাণাধীন ভবনে কাজে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৫৯ পিএম

পরীক্ষার ফাঁকে নির্মাণাধীন ভবনে কাজে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আহসানুল হক

সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষার ফাঁকে নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে আহসানুল হক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক কিশোর শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত আহসানুল হক উপজেলার শিমুলতলার উত্তর চন্দ্রপুর গ্রামের মৃত আলী রহমানের ছেলে।

আহত অপর কিশোর নির্মাণ শ্রমিক শিমুল আহমদ (১৭) একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মৃতের বিধবা মা তহুরা খাতুন জানান, ২০২৬ সালে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেয় আমার একমাত্র কিশোর ছেলে আহসানুল হক।

এসএসসি পরীক্ষা বন্ধ থাকায় পারিবারিক টানাপোড়ন মেটাতে অন্যদের সঙ্গে দৈনিক মজুরিতে উপজেলার কামড়াবন্দ গ্রামে বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দেয় আহসানুল। কাজে যোগদানের পর ভবনের উপরে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে মারা যান আহসানুল হক। আহত হন তার সঙ্গে থাকা কিশোর শ্রমিক শিমুল।

উপজেলার শিমুলতলা গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী ভবন নির্মাতা সাজুল ইসলাম সাজু বলেন, আমি বিদ্যুৎ সঞ্চালন লাইন সরানোর জন্য আবেদন করেছিলাম। নির্ধারিত ফি (টাকা) জমা না দেওয়ায় বিদ্যুতের লাইন সরানো হয়নি। যে কারণে দুর্ঘটনাটি ঘটে গেছে।

মৃতের মা তহুরা খাতুনের অভিযোগ, আমার একমাত্র ছেলের অকাল মৃত্যু ও অপর কিশোর আহত হওয়ার সম্পূর্ণ দায় ভবন নির্মাণকারী মালিকপক্ষের অবহেলার কারণ।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাহিরপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. আলাউল হক সরকার জানান, ভবনের মালিককে একাধিকবার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের জন্য তাগিদ দিলেও তিনি অবহেলা ও সময়ক্ষেপণ করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যেতে থকেন।

ভবন নির্মাণকাজের ঠিকাদার সোহেল মিয়া জানান, তিনি স্কয়ার ফিট হিসেবে কাজ নিয়েছিলেন। তার দাবি, নির্মাণস্থলের নিরাপত্তা নিশ্চিত করা ভবন মালিকের দায়িত্ব। আমরা একাধিকবার নিরাপত্তা ব্যবস্থার কথা বললেও মালিক গুরুত্ব দেননি।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .