Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নাড়ির টানে বাড়ি ফেরা

চট্টগ্রামে বাস ও ট্রেন স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:০১ পিএম

চট্টগ্রামে বাস ও ট্রেন স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

ঈদ উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে ট্রেনে উঠছেন যাত্রীরা। প্ল্যাটফর্মেও ছিল ব্যাপক ভিড়।

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। রোববার (২৪ মে) থেকেই অনেকে নাড়ির টানে যাত্রা শুরু করলেও সোমবার (২৫ মে) বাস ও রেলস্টেশনগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।  এতে নগরী থেকে বের হওয়ার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

যাত্রীচাপ বেড়ে যাওয়ায় গণপরিবহণের সংকটও দেখা দিয়েছে।  অনেককে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমবার চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে ট্রেনে উঠছেন যাত্রীরা। প্ল্যাটফর্মেও ছিল ব্যাপক ভিড়। এদিন বিজয় এক্সপ্রেস ছাড়া সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। পাশাপাশি সোমবার থেকে ‘সোনার বাংলা’ ট্রেনে নারীদের জন্য বিশেষ মহিলা কোচ সংযুক্ত করা হয়েছে।  ওই কোচে চট্টগ্রাম থেকে ৯ জন নারী যাত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম জেনারেল শাখার সিআই মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, ঈদ উপলক্ষে যাত্রীর চাপ বেড়েছে।  চাঁদপুর স্পেশাল ট্রেনে কয়েকজন যাত্রী ছাদে ওঠে, পরে আরএনবির কড়াকড়িতে তারা নেমে যায়।

এদিকে নগরী ত্যাগ করা যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সিটি গেট ও শাহ আমানত সেতু এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই দুই পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তীব্র গরমে অনেকে গাড়ির ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকতে দেখা গেছে।

কর্ণফুলী এলাকার বাসিন্দা হাবিবা আক্তার বলেন, জ্বরে আক্রান্ত হওয়ায় আমার ছেলেকে নিয়ে গত এক সপ্তাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। সোমবার সকালে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরার পথে শাহ আমানত সেতু এলাকায় দীর্ঘ যানজটে পড়ি। গরম ও যানজটে ছেলেটি আবারও অসুস্থ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।

চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, শাহ আমানত সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২৭ হাজারের বেশি যানবাহন চলাচল করে।  ঈদে এ চাপ আরও বেড়েছে।  টোল আদায়ে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে, তবে তবুও যানজট সৃষ্টি হচ্ছে। দ্রুত টোল আদায় করে যানবাহন ছেড়ে দিতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম