হিমালয় থেকে উড়ে রাজারহাটে
বিরল প্রজাতির শকুন
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রাজারহাটের হরিশ্বর তালুক এলাকায় বেঁধে রাখা হিমালয়ী গৃধিনী শকুন। বৃহস্পতিবারের ছবি -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামের রাজারহাটের লোকালয়ে আশ্রয় নিয়েছিল বিরল প্রজাতির একটি হিমালয়ী গৃধিনি শকুন। স্থানীয়দের হাতে আটকে পড়ার পর শকুনটিকে উদ্ধার করে উপজেলা বন বিভাগ। চিকিৎসা ও পরিচর্যার জন্য কাল রোববার এটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সুস্থ হলে আবারও মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে শকুনটিকে।
বৃহস্পতিবার বিকালে রাজারহাট সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। পরে তিনি শকুনটিকে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে নিয়ে যান।
আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে হিমালয়ী গৃধিনি শকুন হিসাবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় থেকে কিছু শকুন বাংলাদেশে আসে। উদ্ধার করা শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয় ও পার্শ্ববর্তী এলাকা থেকে শীত মৌসুমে পরিযায়ী শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নেয়। সিংড়া ফরেস্ট শকুনের সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য পরিচিত। সেখানে উদ্ধার করা শকুনকে স্থায়ীভাবে বন্দি করে রাখা হয় না; বরং চিকিৎসা শেষে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
