Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদ উপহার পেলেন ফেনীর সেই শিক্ষিকা

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৫৮ এএম

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদ উপহার পেলেন ফেনীর সেই শিক্ষিকা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসক মনিরা হক শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীনের হাতে ঈদ উপহার তুলে দেন।

Advertisement

ফেনীতে ফুটবল টুর্নামেন্ট চলাকালে বৃষ্টিতে ভিজে কোমলমতি শিক্ষার্থীদের মাঠে দাঁড়িয়ে উৎসাহ দেওয়া সেই শিক্ষিকাকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক প্রধানমন্ত্রীর পাঠানো উপহার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীনের হাতে তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয় সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সেদিন ম্যাচ চলাকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মাঠের পাশে দাঁড়িয়ে শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীন নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহ ও নির্দেশনা দিচ্ছিলেন। অনুপ্রেরণাদায়ী সেই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন।

পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেন।

উপহার পেয়ে সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সব সময় নিজের সন্তানের মতো আচরণ করার চেষ্টা করি। আমার বাবা এবং স্বামীও ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই অনুপ্রেরণায় শিক্ষার্থীদের খেলাধুলায় সবসময় মাঠে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। প্রধানমন্ত্রীর উপহার পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ছোট্ট এই বিষয়টিও প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি।  আমি খুবই আবেগাপ্লুত।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, খেলা চলাকালে শিক্ষিকার তার শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর নির্দেশনা পেয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা তার জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। শিক্ষিকার এমন উৎসাহ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণামূলক।

জানা গেছে, শিক্ষক খালেদা পারভীন নিজেও ছাত্রজীবনে ব্যাডমিন্টন ও হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তার প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন একজন ফুটবল প্রশিক্ষক এবং তার ভাই মো. মামুনও ছিলেন ফুটবল খেলোয়াড়।

উপহার প্রদানকালে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায় ও মো. শাহরিয়ার সজল, প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন, গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা সুলতানা এবং সহকারী শিক্ষক শাহিন আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম