Logo
Logo
×

সারাদেশ

৪৯ ব্যাটালিয়নের অধিনায়কের পরিদর্শন

সীমান্তের শূন্যরেখায় ১০ নারী-পুরুষ ও শিশুর মানবেতর জীবন

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

সীমান্তের শূন্যরেখায় ১০ নারী-পুরুষ ও শিশুর মানবেতর জীবন

সীমান্তের শূন্যরেখায় ১০ নারী-পুরুষ ও শিশুর মানবেতর জীবন

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

ওই সব নারী-পুরুষ ও শিশুরা এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

সোমবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রতিটা মুহূর্ত তাদের আতঙ্কে কাটছে। খাদ্য ও পানি না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ছে।

জানা গেছে, তাদের সঙ্গে ৯ মাসের শিশু রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। ভারতীয় অংশে থাকায় বিজিবির পক্ষ থেকে কোনো খাবার বা পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ওদিকে বিএসএফ তাদের খাদ্য সরবরাহ করছে কিনা তাও জানা যাচ্ছে না।

রোববার দিবাগত গভীর রাতে কাঁটাতারের গেটখুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করে।

একটি সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় কয়েকটি ট্রাকযোগ অতিরিক্ত ফোর্সসহ প্রায় ১২০ জনকে ঠেলে পাঠানোর জন্য সীমান্তে আনে বিএসএফ। কয়েকটি গ্রুপ করে ১০-১২ জন মানুষকে সীমান্তে নিয়ে আসে বিএসএফ।

প্রথমে তারা যশোরের শার্শা উপজেলার বেনাপোল সাদিপুর-রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে ওই মানুষদের এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে সে চেষ্টা তাদের ব্যর্থ হয়। পরে রাতভর আশপাশের বেশ কয়েকটি কাঁটাতারের গেট খুলে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করলে তাও ব্যর্থ হয়।

যে গেট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে তার আগে সেখানকার সীমান্তের সার্চলাইটগুলো বন্ধ করে দেয় বিএসএফ। এদিকে টহল দলের বিজিবি সদস্যরা সতর্ক থাকায় সে চেষ্টাও ব্যর্থ হয়।

পরবর্তীতে রাত ৩টার দিকে গেটের এপারে ঠেলে পাঠালেও ওই ১০ নারী-পুরুষ ও শিশু এখনো ভারতের ভূখণ্ডে একটি গাছের নিচে অবস্থান করছে।

এদিকে এ ঘটনার পর বেনাপোলসহ আশপাশের সীমান্তে বিজিবি জনবল ও সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে। জনসচেতনতা বাড়াতে সীমান্তের গ্রামগুলোতে মাইকিং করতে শোনা গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফের ঠেলে পাঠানো নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান আমি ও আমার জওয়ানরা মিলে দুপুর পৌনে ১টার দিকে পরিদর্শন করেছি। সোমবার সন্ধ্যায় বিএসএফ ও বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকটি কোনো সমাধান ছাড়াই তা শেষ হওয়ায় বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু দ্বিতীয় দিনের মতো ভারতের জয়ন্তীপুর সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম