Logo
Logo
×
   

সারাদেশ

এ কেমন শত্রুতা!

এক রাতে ৯০০ কলাগাছ কেটে সাবাড়

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

এক রাতে ৯০০ কলাগাছ কেটে সাবাড়

এক রাতে ৯০০ কলাগাছ কেটে সাবাড়

নাটোরের গুরুদাসপুরে জাহিদুল ইসলাম ও বানী আমিন নামে দুই উদ্যোক্তার ৯০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

এতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তারা।

এদিকে কলাগাছ কেটে ফেলার ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন উদ্যোক্তা জাহিদুল ইসলাম। এতে একই গ্রামের প্রতিপক্ষ নুর ইসলাম, সাইফুল ইসলাম, সোহরাফ হোসেন রনজু, ইয়াছিন ও মোজাম্মেল হকসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, তারা দুইজন মিলে ১৮ বিঘা আয়তনের দুইটি পুকুরে মাছ চাষ ও বাড়তি লাভের আশায় পুকুরের পাড়ে প্রায় দুই হাজার কলাগাছ রোপণ করেছিলেন। এতে লাভবান হচ্ছিলেন তারা। বুধবার রাত ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দুইটি পুকুরপাড়ে রোপণ করা ৯০০টি কলাগাছ কেটে ফেলেন।

এ সময় একটি খড়ের গাদায় আগুন দেয় এবং একটি পুকুরপাড়ের সেচ মোটর নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। এতে কমপক্ষে ৭ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই দুই উদ্যোক্তা। এখন দুই পুকুরে থাকা মাছ নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, শত্রুতা তাদের সঙ্গে থাকতে পারে; কিন্তু কলাগাছ কেটে প্রতিশোধ নেওয়ার প্রবণতা মেনে নিতে পারছেন না তারা। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান দুই উদ্যোক্তা।

অভিযুক্তদের পক্ষে নূর ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে তারা কেউ-ই জড়িত নয়। পূর্ব বিরোধের জেরেই তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম