Logo
Logo
×
   

সারাদেশ

জামায়াত নেতাকে হত্যার পর পোড়ানো হলো লাশ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

জামায়াত নেতাকে হত্যার পর পোড়ানো হলো লাশ

কলেজছাত্রের হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে জামায়াত নেতাকে হাত-পা বেঁধে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতের নাম আসাদুল ইসলাম (২৪)। তিনি উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি ৬নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ছিলেন।

জেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুল বালিয়াকান্দি মশাররফ হোসেন কলেজে স্নাতক শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে মাঠে কৃষিকাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর আসাদুল নিখোঁজ হন। রাত ৮টার দিকে তার সৌদি প্রবাসী ভগিনীপতির কাছে মোবাইল ফোনে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। কালুখালী থানা পুলিশ মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে পাটখেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার। এ বিষয়ে তিনি যুগান্তরকে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনা। পাটখেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .