ছোট-বড় সবাইকে ‘ভাই’ ডাকেন ইউএনও
Advertisement
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
মো. মাহমুদ হাসান মৃধা হৃদয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তাদের দাম্ভিকতার খবর দেখা যায়। স্যার বা মহোদয় না বললে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন অনেকে। ভাই ডাকলেই আপত্তি জানাচ্ছেন তারা। ভাইরাল হচ্ছে সে সব ঘটনার অডিও রেকডিং। এতে সরকারি কর্মকর্তাদের নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে বিরুপ প্রভাব পড়ছে।
তবে, ওই সব ঘটনার উলটো চিত্রও আছে। অনেক সরকারি কর্মকর্তা সাধারণ মানুষকে ভাই ডাকতে ও শুনতে পছন্দ করেন। তাদেরই একজন পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা হৃদয়।
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা কিশোর, যুবক, বয়োবৃদ্ধ, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক থেকে শুরু করে ছোট-বড় সব শ্রেণি পেশার মানুষকে ভাই বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, সবার মুখ থেকে ভাই ডাক শুনতেও পছন্দ করেন। পদের সম্মানে অধিকাংশ মানুষ তাকে স্যার ডাকলেও তিনি কাউকে ভাই বলে ডাকতে ভুল করেন না।
নিজের সরকারি অফিসে সেবা নিতে আসা কোনো সেবাপ্রত্যাশীকে অনুমতি নিয়ে তার অফিস কক্ষে ঢুকতে হয় না। সব সময় অফিস কক্ষে যেন ভিড় লেগে থাকে। চলতি বছরের ৩০ এপ্রিল দশমিনায় যোগদান করা ইউএনওর কাছে সেবা নিতে আসা সাধারণ মানুষের দাবি, তিনি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করেন। কোনো কাজ ফেলে রাখেন না। কোনো সমস্যা নিয়ে তার অফিসে গেলে দ্রুত সমাধান করে দেন। অনেক সময়ই অফিসের নির্দিষ্ট সময়ের বাইরেও তিনি অফিস কক্ষে অবস্থান করে সাধারণ মানুষকে সেবা দেন বলে দাবি সেবাপ্রত্যাশীদের।
অন্যদিকে, স্থানীয় সাংবাদিকদের তথ্য সহায়তা দিতে তিনি যোগদানের পরই ইউএনও মিডিয়া সেল নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। সেখানে সাংবাদিকরা উপজেলার নানা সমস্যার কথা তুলে ধরলে দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে নেন ব্যবস্থা। ফলে, উপজেলা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরছে বলে মনে করেন সাংবাদিকরাও।
সোহেল নামে এক সেবাপ্রত্যাশী বলেন, আমি যখন সেবা নিতে গিয়েছি, তখন ইউএনও আমাকে ভাই বলে সম্বোধন করেন। কোনো কাজ নিয়ে গেলে সঙ্গে সঙ্গে করে দেন। দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি। সাধারণ মানুষের প্রয়োজনে ছুটে বেড়ান সব উপজেলা জুড়ে। আশা করি তার ভালো ব্যবহার ও ভালো কাজ অব্যাহত থাকবে।
জানতে চাইলে ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা হৃদয় যুগান্তরকে বলেন, আমি সাধারণ মানুষকে ভাই ডাকতে পছন্দ করি। আমি চাই, তারা যেভাবে স্বাচ্ছন্দ্য পায়, সেভাবে আমাকে ডাকুক। কেউ আমাকে ভাই বললে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছাকাছি যেতে চাই। যাতে স্থানীয় সমস্যাগুলো বুঝে তাদের সেবা দিতে পারি। আমি চাই, সব কিছুতে জবাবদিহিতা থাক। আমি ভুল করলেও যেন সাংবাদিকরা লেখে। তাতে আমার কোনো আপত্তি থাকবে না।
