Logo
Logo
×
   

সারাদেশ

মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়ায় তিন পরীক্ষার্থী বহিষ্কার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়ায় তিন পরীক্ষার্থী বহিষ্কার

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি বিকালে যুগান্তরকে নিশ্চিত করেছেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত। 

সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত তিনজনই মানবিক বিভাগের গত বছরের অনিয়মিত পরীক্ষার্থী।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে পরীক্ষা চলাকালে ওই তিন পরীক্ষার্থী প্রশ্নপত্র ও মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রের ওয়াশরুমে প্রবেশ করেন। সেখানে তাদের সন্দেহজনক আচরণ নজরে এলে কেন্দ্র পরিদর্শনে থাকা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান তাদের হাতেনাতে ধরেন। পরে পরীক্ষা পরিচালনা বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, ওয়াশরুমে মোবাইল ফোন ও প্রশ্নপত্রসহ অবস্থান করার বিষয়টি ধরা পড়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে। পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ দেওয়া হবে না। বিধি লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .