কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু
Advertisement
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কটিয়াদীতে গচিহাটা রেলস্টেশনের পাশে বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. মাসুদ মিয়া (৩০) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মাসুদ মিয়া উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে গচিহাটা রেলস্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গচিহাটা কলেজের অ্যাকাউন্টেন্ট ও নিমুক পুরুড়া গ্রামের বাসিন্দা মোতাহার উদ্দিন মামুন জানান, টানা বৃষ্টিতে চারদিকে পানি জমে যাওয়ায় মাসুদ মিয়া রেললাইনের পাশের জমিতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরতেন। জাল থেকে মাছ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি রাতে রেললাইনের পাশে বসে পাহারা দিতেন। ধারণা করা হচ্ছে, পাহারা দিতে গিয়ে রেললাইনের উপরেই তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ১০ ঘণটা অতিবাহিত হলেও রেলওয়ের পুলিশ ঘটনাস্থলে আসেননি। মাসুদের খণ্ড বিখন্ড মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। মাসুদ গচিহাটা বাজারে একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী গচিহাটা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
