টানা ভারি বর্ষণে ফরিদপুর মেডিকেলের মেঝেতে পানি, বিড়ম্বনায় রোগীরা
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের পুরাতন ভবনের মেঝেতে ঢুকে পড়েছে পানি। ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী-স্বজন ও চিকিৎসকরা।
সোমবার বিকাল পর্যন্ত এ পানি থইথই অবস্থা দেখা যায়। এতে জরুরি চিকিৎসা নিতে আসা অনেক রোগীকেই নোংরা পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
সরেজমিন দেখা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনের জরুরি বিভাগের সামনে পানি ঢুকেছে। এতে রোগীসহ স্বজন ও চিকিৎসকদের ভোগান্তি এবং সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
সুজন শেখ নামের রোগীর এক স্বজন ক্ষোভ জানিয়ে বলেন, হাসপাতালের ভেতরে পানি। নোংরা ও দূষিত পানি জমে থাকায় রোগীদের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ বেড়েছে। সকালের বৃষ্টির পর থেকেই পানি জমে যায় পুরাতন ভবনের নিচে। এতে রোগীসহ সবার চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।
আরেক রোগীর স্বজন দিপালী বেগম বলেন, কয়েক দিন ধরে আমার বোনকে নিয়ে হাসপাতালে রয়েছি। আজ হাসপাতালের মেঝেতে পানিতে থইথই অবস্থা। কর্তৃপক্ষের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের খুব ভোগান্তি ও কষ্ট হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ভারি বৃষ্টি হলেই এই অবস্থার সৃষ্টি হয়। বাইরে পানি নিষ্কাসনের লাইনে জ্যাম থাকায় সমস্যা তৈরি হয়েছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ত্রুটি রয়েছে। আমরা আশা করব পৌরসভা এই সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীরের মোবাইলে একাধিকবার কল করা হলেও মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে টানা চার দিনের ভারি বর্ষণে ফরিদপুরের বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষক এবং নিম্নআয়ের মানুষ।
টানা বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন খাল ও নালায় জলাবদ্ধতার কারণে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আশপাশের নিচু এলাকাগুলোতে নতুন করে পানি ঢুকছে।
সোমবার দুপুরে সরেজমিন ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ডের সফির ব্রিজ সংলগ্ন ইউনুস মৃধার বাড়িতে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে তার বাড়ির চারপাশ এবং উঠান পুরোপুরি জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরের ডোয়া (ভিটি) মাটির তৈরি হওয়ায় অতিরিক্ত বৃষ্টির পানিতে ঘরের মাটির ডোয়া ধসে পড়েছে। এছাড়াও দরিদ্র এই পরিবারের মুদি দোকানেও পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে। ২৫নং ওয়ার্ডের অনেক বাড়ি-ঘরে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
এছাড়া দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ডবাসী।
