হাকালুকি হাওড়পাড়ে ৫ শতাধিক পানিবন্দি রোগীকে ওষুধ সহায়তা বিজিবির
Advertisement
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হাকালুকি হাওড়পাড়ের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের বন্যায় পানিবন্দি মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে এলো বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।
মঙ্গলবার বেলাগাঁও রাবার ড্যাম ব্রিজের উপর দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৫১৩ জন নারী-পুরুষ, শিশু ও বয়স্কদের পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও চিকিৎসা নেওয়া প্রত্যেক রোগীকে দুপুরের খাবারও দিয়েছে বিজিবি।
ফ্রি মেডিকেল ক্যাম্প সার্বক্ষণিক তদারকি করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান ও সহকারী পরিচালক মাহফুজুল আলম।
জানা গেছে, চলমান বন্যায় হাকালুকি হাওড়পাড়ের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের প্রায় ৩ হাজার মানুষ ২০ দিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। হতদরিদ্র গ্রামবাসীর অধিকাংশের মাঝে দেখা দেয় পানিবাহিত নানা অসুখবিসুখ। দুর্ভোগে থাকা এসব মানুষের চিকিৎসা প্রদানে এগিয়ে আসে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। মঙ্গলবার হাওড়পাড়ে আয়োজন করে দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা ও সুরক্ষায়ই নিয়োজিত থাকে না। ব্যাটালিয়নের আওতাধীন এলাকার মানুষের নানা দুর্যোগেও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায়। যে কোনো সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
