বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে অক্সফাম
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:১৮ পিএম
মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্তত ১০টি জেলায় টানা ভারী মৌসুমি বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধসে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই চরম মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।
মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, চট্টগ্রামের ক্ষতিগ্রস্তদের জন্য সংস্থাটি প্রাথমিকভাবে ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ করেছে। স্থানীয় অংশীদারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি খাদ্য, নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি রক্ষা কিট (সাবান, স্যানিটারি প্যাড ইত্যাদি) প্রদান করা হচ্ছে। এছাড়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে ঘর মেরামত ও অন্যান্য জরুরি প্রয়োজনে পরিবারপ্রতি ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ, যাদের মধ্যে একটি বড় অংশই চট্টগ্রামের বাসিন্দা। ঘরবাড়ি, সড়ক, বাঁধ ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৩ হাজার ৫০০টি পানির উৎস এবং ১২ হাজার ৪০০টি শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উপদ্রুত এলাকায় পানিবাহিত রোগের ঝুঁকি চরম আকার ধারণ করেছে।
অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, আমাদের প্রাথমিক বরাদ্দ একটি গুরুত্বপূর্ণ সূচনা, তবে প্রয়োজনের পরিধি অনেক বড়। আরও বেশি পরিবার যেন জীবনরক্ষাকারী সহায়তা পায় এবং মর্যাদার সঙ্গে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য আমরা দাতা সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার এবং সচেতন নাগরিকদের নমনীয় অর্থায়ন ও সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
অনিল পান্ত জানান, তাৎক্ষণিক ত্রাণ, জীবিকা পুনরুদ্ধার এবং জলবায়ু-সহনশীল পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় নেতৃত্বে ও জেন্ডার-সংবেদনশীল মানবিক কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে অক্সফাম। এ কার্যক্রমের জন্য ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

