সাপের কামড়ে রাজমিস্ত্রির মৃত্যু
Advertisement
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে রাজমিস্ত্রি সম্রাট হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ হওয়ার পর জানা যায় তাকে সাপে কামড় দিয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
সম্রাট হোসেন (২২) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগরপাড়ার সামিরুল ইসলামের বড় ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কর্মস্থলে গিয়ে সাপের কামড়ে আহত হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্রাট রাজমিস্ত্রি হিসেবে দীর্ঘদিন ধরে ঢালাইয়ের কাজ করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি কাজের উদ্দেশ্যে কর্মস্থলে যান। দুপুর ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে সম্রাট ও তার পরিবারের লোকজন বুঝতে পারেন, তাকে বিষধর সাপে কামড়িয়েছে।
এরপর তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৮টার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সম্রাট তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার সংসারে ছয় মাসের অন্তঃসত্ত্বা অসুস্থ স্ত্রী আছে। স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েছেন।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। আমরা সেখানে গিয়েছিলাম। এ ঘটনায় ভেড়ামারা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
