আর্জেন্টিনার সমর্থনে ধনবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা
Advertisement
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তাল টাঙ্গাইলের ধনবাড়ীর ফুটবলপ্রেমী মানুষ। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে তারা ধনবাড়ীতে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
রোববার (১৯ জুলাই) বিকাল ৫টায় ধনবাড়ী আর্জেন্টিনা ভক্তবৃন্দের ব্যানারে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে সমর্থকরা অংশ নেন। যাদের মোটরসাইকেল নেই তাদের জন্য ছিল পিকআপ ভ্যানের সুবিধা।
ধনবাড়ী নবাব ইনস্টিটিউটের মেলার মাঠ থেকে শুরু করে শোভাযাত্রাটি ধনবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় মেলার মাঠে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা গেছে।
আর্জেন্টিনার ভক্তরা জানান, ধনবাড়ী উপজেলার কয়েক হাজার মেসিভক্ত আজ একতাবদ্ধ হয়েছি। ফাইনাল ম্যাচটি সবাই মিলে বড়পর্দায় উপভোগ করার প্রস্তুতিও নিচ্ছি।
শোডাউনে অংশ নেওয়া মোখলেছ, শাওন, মোস্তফা সোহাগ নামের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন- আজকের এ আয়োজনে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। আমরা শতভাগ নিশ্চিত, আবারও মেসির হাতেই ট্রফি উঠবে। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আরও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনা দলের প্রতি সেই ভালোবাসা প্রকাশ করতেই তারা এ আয়োজন করেছেন।
এ সময় বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন। রাস্তাজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং পতাকা প্রদর্শন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
