চুরি করতে গিয়ে মুরগির ফার্মের ফিডের বস্তায় চাপা পড়ে যুবকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর কালুখালীতে মুরগির খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। চুরি করতে গিয়ে ফিডের ভারি বস্তার নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু হতে পারে বলে পুলিশে ধারণা।
রোববার বিকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি মোস্তফা কামাল।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জসিম শেখ কালুখালীর রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুরের মৃত বিশু শেখের ছেলে।
কালুখানী থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে পোলট্রি ফার্মের নেট কেটে ভেতরে প্রবেশ করেন জসিম। সেখানে চুরির সময় ভারি ফিডের বস্তাটি তার শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালুখালী থানার ওসি মোস্তফা কামাল বলেন, ওই যুবকের মৃত্যুর ঘটনায় আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
