মাদ্রাসাছাত্রের বিস্ময়কর প্রতিভা
এক মিনিটেই বলে দিতে পারেন পৃথিবীর সব দেশের নাম
Advertisement
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
ইসমাইল হোসেন জালালী
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র এক মিনিটে পৃথিবীর সব রাষ্ট্রের নাম বলতে পারেন। আবার মাত্র ৩ মিনিট ৪০ সেকেন্ডে বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার নামও মুখস্থ বলতে সক্ষম। এমনকি মাত্র ২৩ সেকেন্ডে দেশের ৬৪ জেলার নাম বলতে পারেন তিনি। সুমধুর কণ্ঠে আজান এবং ৫০ সেকেন্ডে আল্লাহতাআলার ৯৯টি নাম পাঠেও রয়েছে তার বিশেষ দক্ষতা।
অসাধারণ এসব প্রতিভার অধিকারী ইসমাইল হোসেন জালালী। তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
ইসমাইল হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের শফিকুল ইসলাম জালালীর ছেলে।
ইসমাইলের সঙ্গে কথা হলে তিনি জানান, ছোটবেলা থেকেই বিশ্বের মানচিত্র, বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই নিয়মিত অধ্যয়ন ও চর্চার মাধ্যমে তিনি এসব তথ্য আল্লাহর রহমতে আয়ত্ত করেছেন।
তিনি বলেন, ছোটবেলা থেকেই বিভিন্ন দেশের বিষয়ে জানার প্রতি আমার খুব আগ্রহ ছিল। কৌতূহলবশত বিভিন্ন তথ্য জানতে ও শিখতে গিয়ে আল্লাহতাআলা আমাকে এই জ্ঞান দান করেছেন।
ভবিষ্যতে একজন আলেম হয়ে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে চান ইসমাইল। তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, আমি যেন দ্বীনি শিক্ষায় নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি এবং ইসলামের খেদমতে কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।
মেধা, স্মৃতিশক্তি ও অধ্যবসায়ের অনন্য সমন্বয়ে ইতোমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছেন মাদ্রাসায় পড়ুয়া এই ছাত্র। তার প্রতিভার সঠিক পরিচর্যা হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতে পারবেন বলে মনে করছেন স্বজন ও স্থানীয়রা।
বাঁশতৈল ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার বাবুল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, ইসমাইলের বাড়ি আমার ওয়ার্ডেই। তার বাবা মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই সে ব্যতিক্রম বিষয় নিয়ে চেষ্টা করত। এভাবে চেষ্টা করতে করতে এখন বিস্ময়কর প্রতিভা অর্জন করেছে। সে আমাদের এলাকার গর্ব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
