বৃদ্ধাকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডিতকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল প্রধান চাঁদপুর জেলার উত্তর পাঁচআনী এলাকার লিটন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিত রুবেল মাদকের টাকা সংগ্রহের জন্য প্রতিবেশী বৃদ্ধা সাফিয়াকে (৭৭) নিজ ঘরে হত্যা করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যার পর স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। পরে র্যাব রুবেলকে গ্রেফতার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বাদীপক্ষের আইনজীবী ইসমাইল ভুঁইয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
