সিলেটে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম
নিহত শিক্ষক মুরাদ আহমদ: ফাইল ফটো
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নগরের মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনের সড়কে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ (৫৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমদ নগরের কোতোয়ালি থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে কেওয়াপাড়া এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। নিহত শিক্ষকের দুই কন্যাসন্তান রয়েছে। এক কন্যা ব্লু-বার্ড স্কুলে নবম শ্রেণিতে এবং অন্যজন লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে পাঠদান সম্পন্ন করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যালয় থেকে বের হন। পথিমধ্যে বাংলাদেশ বেতারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান গভীর শোক প্রকাশ করে জানান, আর মাত্র তিন মাস পরেই অবসরে যাওয়ার কথা ছিল শিক্ষক মুরাদ আহমদের। এমন আকস্মিক মৃত্যুতে পুরো শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের শেষ শ্রদ্ধার জন্য মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে পুলিশ। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
