শীতলক্ষ্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Advertisement
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর মোক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- কালীগঞ্জ থানার উত্তর মোক্তারপুর এলাকার বাসিন্দা মো. আতাউর রহমান শেখের ছেলে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া থানার দড়ি নাসেরা এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ইসলাম রাব্বি (১২)।
রাব্বি তার নানার বাড়ি উত্তর মোক্তারপুর এলাকায় থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে তারা দুজন। নদীতে নেমে প্রথমে রাব্বি পানিতে তলিয়ে যায়। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে লাবিবুলও পানিতে তলিয়ে যায়। সেই সময় সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দা ও তাদের পরিবারের সদস্যরা নদীতে নেমে লাবিবুল আল হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই মো. এমদাদুল হক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
