মাদককারবারির ছুরিকাঘাতে যুবক নিহত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাদককারবারির ছুরিকাঘাতে আমির হোসেন ওরফে ডালিম নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডালিম।
বুধবার রাতে বন্দরের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ওরফে ডালিম (৩৮) বন্দরের আলী শাহরদি গ্রামের মৃত জসিমউদ্দিন ওরফে লিচু মিয়ার ছেলে। ডালিম মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী জানান।
এ ব্যাপারে নিহতের ছোট বোন নাজনীন আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।
নিহত ডালিমের বড় বোন তাসলিমা আক্তার জানান, আমির হোসেন ডালিম একজন মানসিক রোগী। তিনি ১০ বছর ধরে এ রোগে আক্রান্ত। বুধবার রাতে ডালিম জাহাঙ্গীরনগর নৌপুলিশ ফাঁড়ির সামনে গেলে বন্দরের শুভকরদি এলাকার বশিরউদ্দিনের ছেলে মাদককারবারি হাবিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিব ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি জানান, এলাকাবাসীর সহায়তায় মুমূর্ষু অবস্থায় ডালিমকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মারা যায় ডালিম।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, বুধবার রাত ১১টার দিকে কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির সামনে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাহত হন আমির হোসেন ওরফে ডালিম। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।
