ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম
আক্কাস খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঝালকাঠির নলছিটিতে ছেলেকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকালে পুলিশ আক্কাস খানের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আক্কাস খান উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মিরাজ খানের ছেলে।
এর আগে রোববার (৯ আগস্ট) বিকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আক্কাস খানকে ঢাকায় নেওয়ার পথে গৌরনদী উপজেলা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
রোববার বিকালে বাড়ির সামনের সড়কে জসিমকে একা পেয়ে সজল, তার বাবা সেলিম খান, ভাই শফিক খান এবং তাদের সহযোগীরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। জসিমের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে গেলে আক্কাস খানও হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আক্কাস খানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জসিম খান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
