Logo
Logo
×
   

সারাদেশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ শতাংশ। পাশের হারে গত বছরের চেয়ে এবারের ফলাফলে পয়েন্ট ৮৩ শতাংশ কম। গতবার পাশের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ।

এবারের এসএসসি পরীক্ষায় ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। পাশকৃত ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৩৭২ এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৯০২ জন।

জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ২ হাজার ৬২১ এবং মেয়েদের সংখ্যা ৩ হাজার ৭৯। এ হিসাবে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও সাফল্যের ধারাবাহিকতা রেখেছে মেয়েরা।

সোমবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামসহ বোর্ডের অন্য কর্মকর্তারা।

প্রফেসর মো. শাহাদাত মোল্লা জানান, এ বছর পাশের হার বিজ্ঞান বিভাগে ৭১ দশমিক ৮৭ শতাংশ, মানবিক বিভাগে ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ। গণিত এবং ইংরেজি প্রশ্নপত্র কঠিন হওয়ায় বোর্ডে পাশের হার কম হয়েছে বলে জানান তিনি।

শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার নেত্রকোনায় ৩০ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ। এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪টি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে।

১০টি শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠান: ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল, আইডিয়াল মডেল একাডেমি, ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুল, জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর গোয়ালের চর আইডিয়াল হাই স্কুল, সরিষাবাড়ী উপজেলার চিলড্রেনস হোম পাবলিক স্কুল এবং নেত্রকোনা কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

৪টি অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠান: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়া উপজেলার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .