জানালার পাশে মাদকের আসর, সাংস্কৃতিক সংসদের নেতাকে কুপিয়ে জখম
Advertisement
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় মুক্তাগাছা সাংস্কৃতিক সংসদের উপজেলা শাখার সভাপতিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুই মাদকসেবী। এ সময় তার ঘরের থাই জানালা ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৬নং ওয়ার্ডের পাইকাশিমুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামরুল হাসান মজনু ওই একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
অভিযুক্তরা হলেন- কামরুলের প্রতিবেশী মৃত ইছব আলীর দুই ছেলে আল আমিন ও সাইফুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সাংস্কৃতিক সংসদের উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান মজনুকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার খবর পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার পর বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকাশিমুল এলাকার বাসিন্দা সংস্কৃতিকর্মী কামরুল হাসান মজনু বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে ঘরে ফিরে বিছানায় শুয়ে ছিলেন। প্রতিবেশী আল আমিন ও সাইফুল ইসলাম ঘরের জানালার পাশে বসে মাদক সেবন করছিলেন। মজনু ঘর থেকে বের হয়ে তাদের নেশা করতে বাধা দিলে আল আমিন ও সাইফুল বিষয়টিতে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বাড়ি থেকে দেশীয় অস্ত্র দা নিয়ে এসে মজনুর ওপর আক্রমণ করে। দায়ের কোপ হাত দিয়ে ফেরানোর চেষ্টা করলে তার ডান হাতের আঙুল ও বাম হাতের মাঝ বরাবর গভীর ক্ষত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
একাধিক প্রতিবেশী বলেন, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। তাদের যে নিষেধ করেন, তার ওপরই তারা হামলা চালায়।
