উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২
Advertisement
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে লেগুনা
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ত্রিশালে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিকবাহী একটি লেগুনা দুমড়েমুচড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে মো. নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।
আহতরা হলেন—গফরগাঁওয়ের সান্তা (২১), লিজা (২২), হাজেরা (৪৩), রুজিনা (৩০), শালিনা (২৭), আকলিমা (৩৬), অজুফা (৩০), রাসেল (২১) এবং ত্রিশালের তাসলিমা (২২)।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকায় অবস্থিত ‘দবির উদ্দিন স্পিনিং মিল’-এর শ্রমিকরা রাতের শিফটে (নাইট ডিউটি) কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশে একটি লেগুনাতে ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টোপথ দিয়ে আসা ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং নারীসহ ৯ জন আহত হন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দবির উদ্দিন স্পিনিং মিলের এজিএম সেলিম আল রাজী জানান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কারখানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন।
ত্রিশাল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে বডিব্যাগসহ ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থে লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও তার চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
