চট্টগ্রাম বন্দর
দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টিকারী বিদেশি জাহাজকে কোটি টাকা জরিমানা
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রুটির তথ্য গোপন করে চট্টগ্রাম বন্দরে এসে দুর্ঘটনা ঘটানোর অপরাধে একটি বিদেশি জাহাজকে ১ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
এমভি সিএনসি ইউরেনাস নামে ওই জাহাজের মাস্টার এবং শিপিং এজেন্ট আমেরিকান প্রেসিডেন্ট লাইনকে (এপিএল) এ জরিমানার আদেশ দেওয়া হয়।
সোমবার বন্দরের হারবার বিভাগ জরিমানার আদেশ জারি করলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয় এবং চবক সচিবের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। জরিমানার সঙ্গে ১৫ লাখ টাকা ভ্যাটও দিতে হবে বলে সূত্র জানিয়েছে।
চবকের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি এবং নিয়ম ভঙ্গ করে বন্দরে প্রবেশের কারণে এই জরিমানা আরোপ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, চীনের শিকো বন্দর থেকে কনটেইনার নিয়ে এমভি সিএনসি ইউরেনাস গত ২ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ৩ আগস্ট এটি নিইউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) প্রবেশের সময় স্টিয়ারিং বিকল হয়ে যায়। জোয়ারের কারণে জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে নেভাল একাডেমির কাছে কর্ণফুলী নদীর রিটেইনিং ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে চরায় আটকে যায়। চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড, নৌ বাহিনীসহ বিভিন্ন সংস্থার ৬টি টাগবোট রাতভর চেষ্টা করে জাহাজটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
চট্টগ্রাম বন্দরের হারবার বিভাগ জানতে পারে, ত্রুটি সরিয়েই জাহাজটির চট্টগ্রাম বন্দরে আসার কথা ছিল; কিন্তু সেই তথ্য গোপন করেই জাহাজটি বিপুল পরিমাণ কনটেইনার নিয়ে বন্দরে এসে আটকে যায়। তদন্তে ত্রুটির বিষয়টি ধরা পড়ে। এটি যদি বন্দরের মূল চ্যানেলে বিকল হতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এমনকি চ্যানেল বন্ধ হয়ে যেতে পারত। অন্যান্য নৌযান ও পাইলটের নিরাপত্তাও হুমকিতে পড়ত। বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির অপরাধে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্যই হারবার মাস্টার জহিরুল ইসলামের স্বাক্ষরে জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে জরিমানা আদেশ দিয়ে চিঠি পাঠানো হয়।
চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন শিপিং এজেন্ট এপিএলের বাংলাদেশের হেড অব অপারেশন্স এনামুল হক টিটু।
