Logo
Logo
×
   

সারাদেশ

আ.লীগ নেতা রহিম কারাগারে

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

আ.লীগ নেতা রহিম কারাগারে

আব্দুর রহিম। ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার আব্দুলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আব্দুর রহিমকে আদালতে পাঠানো হলে মুন্সীগঞ্জ আমলি আদালত-৪-এর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুর রহিম ওই গ্রামের মৃত সাইজ উদ্দিন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ৪ মে টঙ্গীবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি ধারায় মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আব্দুর রহিমের গ্রেফতারে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, আব্দুর রহিম টানা চারবার আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত এবং তার কারণে কারও ক্ষতি হয়নি।

তাদের অভিযোগ, শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে ৫ আগস্টের পর ইউনিয়ন পরিষদে বসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারতেন না।

টঙ্গীবাড়ী থানার ওসি মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, টঙ্গীবাড়ী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .