Logo
Logo
×
   

সারাদেশ

কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতির বিচরণ, আতঙ্কে স্থানীয়রা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতির বিচরণ, আতঙ্কে স্থানীয়রা

কাপ্তাই-রাঙামাটি সড়কের আগরবাগান এলাকায় সড়কে বন্যহাতির বিচরণে আতঙ্কে রয়েছেন যাত্রী, পথচারীসহ স্থানীয়রা। তারা যে কোনো সময় বন্যহাতি আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন। বৃহস্পতিবার ওই এলাকায় সড়কে দীর্ঘক্ষণ ধরে কয়েকটি বন্যহাতির একটি দল অবস্থান নেওয়ায় চলাচলরত যানবাহন যাত্রীরা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হন। পরে বন বিভাগের লোকজনের তৎপরতায় হাতির দলটি সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে।

জানা যায়, এদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা পর্যন্ত বন্যহাতির দলটি ওই এলাকায় সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে বিচরণ করে। এ সময় হাতিগুলো বেপরোয়াভাবে রাস্তার এপাশ ওপাশ চলাচল করতে থাকে। এতে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীরা তাৎক্ষণিক খবর দিলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বনকর্মী ও ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা আতশবাজি, ফাঁকা গুলি ও গাড়ির হর্ন ব্যবহার করে হাতিগুলোকে সড়ক থেকে সরিয়ে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে হাতির দলটিকে একপাশ দিয়ে বনের দিকে তাড়ানো সম্ভব হলেও পরে কাপ্তাই প্রবেশপথে আবারও আরেকটি বন্যহাতি সড়কে অবস্থান নেয়। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সহকর্মীদের নিয়ে সড়কটিতে দ্রুত যানবাহন চলাচল বন্ধ করে দেন। 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতির চলাচল বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার পর সড়কটিতে যে কোনো ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে সবাইকে সতর্ক করা হচ্ছে। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন বলেন, বন্যহাতির উপস্থিতির কারণে সন্ধ্যার পর ওই সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .