দুবাইয়ের সড়কে প্রাণ গেল নবাবগঞ্জের সাবেক ছাত্রদল নেতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুবাইয়ের চাকচিক্যময় রাস্তায় নিভে গেছে ঢাকার নবাবগঞ্জের মেধাবী তরুণ রাসেল মাহমুদের জীবন প্রদীপ। বৃহস্পতিবার দিবাগত রাতে দুবাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রাসেল।
রাসেলের অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো কাশিমপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।
নিহত রাসেল মাহমুদ নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের নূর ইসলামের ছেলে। পরিবার ও দেশের ভাগ্য বদলাতে তিনি পাড়ি জমিয়েছিলেন সুদূর দুবাইয়ে। সেখানে কঠোর পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল মাহমুদ নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা ছিলেন। আজ শুক্রবার ২১ আগস্ট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই নবাবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুর্জয় মাহমুদ সোহেল।
সোহেল আরও জানান, রাসেল ছিলেন তাদের পরিবারের স্বপ্ন ও ভরসার স্থল। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার স্তব্ধ ও শোকে পাথর হয়ে গেছে। রাসেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদনও জানানো হয়েছে।
রাসেলের অকাল মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একজন রেমিট্যান্স যোদ্ধা ও সাবেক ছাত্রনেতার এমন প্রস্থানে কাশিমপুর গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
