Logo
Logo
×
   

সারাদেশ

ফরিদপুরে উপজেলা বিএনপির সব ইউনিয়ন কমিটি স্থগিত

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

ফরিদপুরে উপজেলা বিএনপির সব ইউনিয়ন কমিটি স্থগিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির আওতাধীন সব ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। 

শুক্রবার (২১ আগস্ট) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বোয়ালমারী উপজেলা আওতাধীন নবগঠিত বিএনপির সব ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, মূলত সম্মেলন-পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা বিএনপির নেতাদের দায়িত্ব দিয়ে ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছিল। তবে ভুলক্রমে ওই কমিটিকে ‘আহ্বায়ক কমিটি’ হিসেবে উল্লেখ করে ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই উপজেলা বিএনপি ঘোষিত কমিটিগুলো স্থগিত করে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, গুনবহা ইউনিয়ন ছাড়া বাকি নয়টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে কমিটি গঠনের লক্ষে উপজেলা বিএনপির নেতাদের দায়িত্ব দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ভুলক্রমে সেখানে ‘আহ্বায়ক কমিটি’ লেখা হয়। বিষয়টি বুঝতে পেরে পরক্ষণেই তা স্থগিত করা হয়। জেলা বিএনপি সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে কমিটিগুলো স্থগিত করেছে। জেলা নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। পরবর্তী সময়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হবে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, কিছু অসংগতির কারণে সাময়িকভাবে শুধু বোয়ালমারী উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .