কালীগঞ্জে চাঁদা দাবির অভিযোগ: প্রবাসীকে বাঁচাতে গিয়ে বাবা-মা, স্ত্রীসহ আহত ৫
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্বামীকে মারধর করতে দেখে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন স্ত্রী। তাকে বাঁচাতে এগিয়ে আসেন বৃদ্ধ বাবা-মা। এরপর হামলাকারীদের আঘাতে একে একে রক্তাক্ত হন পরিবারের পাঁচ সদস্য। অভিযোগ উঠেছে- ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার।
এর আগে ২১ আগস্ট দুপুরে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগের বর্ণনা অনুযায়ী, প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন জসিম। এরপর স্থানীয় জয়নাল মোল্লা, অলিউল্লাহ মোল্লা ও এমরান মোল্লা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সামিয়ার অভিযোগ, ২১ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঢুকে জসিমকে মারধর শুরু করে। ধারালো দা ও চাপাতির আঘাতে তার মাথা ও হাতে গুরুতর জখম হয়।
চিৎকার শুনে এগিয়ে এসে হামলার শিকার হন জসিমের স্ত্রী সামিয়া, বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮) ও বড় ভাবি নিপা খন্দকার (৪০)। পরে তাদেরও মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর ঘরে ঢুকে আলমারি ও আসবাবপত্র তছনছ করা হয়। এ সময় নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার এবং নিপার গলার চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
গুরুতর আহত জসিমকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং অন্য আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জয়নাল মোল্লার পরিবারের একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6a8c737ce5ccc.jpg)